কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক প্রীতম হাসান। সম্প্রতি বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নিয়মিত সিনেমার গানে কণ্ঠ দিয়ে দর্শক-শ্রোতাদের মনে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন। এরই সুবাদে ডাক পেয়েছেন উত্তর আমেরিকা সফরের। তবে গত বছরগুলোর তুলনায় এবারের বিদেশ সফর প্রীতমের জন্য একেবারেই আলাদা। কারণ এবারের সফরে একনাগাড়ে ২৫টি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি, যা নিয়ে উচ্ছ্বসিত প্রীতম নিজেও। তার কথায় সংগীত ক্যারিয়ারে এ প্রথম আমেরিকা ও কানাডায় দীর্ঘ তিন মাসের কনসার্ট ট্যুর করছেন তিনি। একনাগাড়ে ২৫টি স্টেজ শো করে যাওয়ার বিষয়টি রোমাঞ্চকর। তাই চেষ্টা থাকবে প্রতিটি শোতে নিজের সেরা গায়কী তুলে ধরার মধ্য দিয়ে দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণের। প্রীতম আরো জানিয়েছেন উত্তর আমেরিকার সফরে তার বড় ভাই কণ্ঠশিল্পী প্রতীক হাসানও বেশ কয়েকটি শোয়ে তার সঙ্গে পারফর্ম করবেন। সব মিলিয়ে এ সফর স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। গত ৩১ মে যুক্তরাষ্ট্রের ডালাসে পারফর্ম করার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রীতমের উত্তর আমেরিকা কনসার্ট পর্ব। দ্বিতীয় কনসার্টটি আগামীকাল নিউইয়র্কের লাগর্ডিয়া কলেজ পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে। ‘প্রীতম হাসান লাইভ ইন নিউইয়র্ক পাওয়ার্ড বাই রিভার’ শিরোনামে এ কনসার্ট আয়োজন করছে দেশী মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং প্রিয়জন ফিল্মস ও টোস্টার প্রডাকশন। আগামী ৩১ আগস্ট বাফেলোতে শো করার মধ্য দিয়ে উত্তর আমেরিকা সফরের ইতি টানবেন প্রীতম। মাঝের সময়টায় তিনি পারফর্ম করবেন নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, অস্টিন, হিউস্টন, মায়ামি, বস্টন, ওয়াশিংটন ডিসি, মিশিগান, আটলান্টা, সিয়াটল, সান হোসে, পোর্টল্যান্ড, টরন্টো, মনট্রিয়াল, ক্যালগেরিসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন শহরে।
এদিকে প্রীতম হাসান যখন উত্তর আমেরিকা সফর নিয়ে ব্যস্ত, ঠিক সে সময় দেশে নানা প্রান্তে শ্রোতা মনে অনুরণন তুলে যাচ্ছে তার গাওয়া ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি। এছাড়া অনেক দিন ধরে শ্রোতার মুখে মুখে ফিরছে তার গাওয়া ‘লাগে উড়াধুরা’, ‘চাঁদ মামা’, ‘দেওরা’, ‘মা লো মা’, ‘লোকাল বাস’, ‘বেয়াইনসাব’, ‘গার্লফেন্ড্রের বিয়ে’সহ আরো বেশকিছু জনপ্রিয় গান।










