ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব। আর উৎসব উদযাপনে সবারই থাকে বিশেষ প্রস্তুতি ও আয়োজন। সাতদিনব্যাপী ঈদের অনুষ্ঠান সাজিয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। প্রতিদিনই থাকছে সিনেমা, একক ও ধারাবাহিক নাটক, ওয়েব ফিল্ম, সংগীতানুষ্ঠান ও বিদেশী সিরিয়ালের বাংলা ডাবিং।

ঈদের প্রথম দিন থাকছে দুটি সিনেমা ও একটি ওয়েব ফিল্ম। নুরুল আলম আতিকের পেয়ারার সুবাস সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে এ দিন। থাকছে বিশেষ একক নাটক স্বামীর সুখ মনে মনে, ভালোবাসি তোমায় ও বাবলার জাদুর বাক্স। নবীন ও প্রবীণ অভিনেতাদের দেখা যাবে এ নাটকগুলোয়। দুটি সংগীতানুষ্ঠানও থাকছে ঈদের প্রথম দিন।

মূলত সংগীত নিয়ে দীপ্ত টিভি ঈদের সাতদিনই নিয়মিত অনুষ্ঠান পরিকল্পনা করেছে। একটি আয়োজন সিনেমার গান নিয়ে। নাম ‘আমাদের ছবি আমাদের গান’। ঈদে সাতদিনের প্রতিদিনই দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে এ অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে থাকছে ঈদুল আজহার বিশেষ সংগীত অনুষ্ঠান ‘দীপ্ত মিউজিক স্টুডিও’।

6

ঈদুল আজহায় একাধিক সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে দীপ্ত টিভিতে। প্রথম দিন পেয়ারার সুবাসের পর দ্বিতীয় দিন (ঈদের দিন) হবে ‘সুড়ঙ্গ’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে বেলা ১টা ১০ মিনিটে। তৃতীয় দিন থাকছে শাকিব খান অভিনীত ‘তুফান’। এছাড়া প্রতিদিনই থাকছে নতুন-পুরনো সিনেমা। মোস্তফা কামাল রাজের ‘ওমর’ যেমন থাকছে তেমনই থাকছে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘স্নেহ’।

7

এছাড়া চ্যানেলটি প্রতি ঈদের মতো এবারো রাখছে একটি সাত পর্বের ধারাবাহিক নাটক। এবারের নাটকের নাম ‘ওই পাড়া থেকে সাবধান’। ঈদের সাতদিনের প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন শামীম জামান, ইশানা, আ খ ম হাসান, আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, স্বাগতা ও প্রাণ রায়।

তুর্কি ড্রামা ও সিরিজের জন্য দীপ্ত শুরু থেকেই বিখ্যাত। তারাই এ দেশে জনপ্রিয় করে তুলেছিল সুলতান সুলেমান, আরতুগরুল গাজী। ঈদের প্রতিদিনই থাকছে তুর্কি ড্রামা ও সিনেমা। প্রতিদিন প্রচার হবে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। এছাড়া প্রতিদিন থাকছে একটি বিদেশী সিনেমা। এ তালিকায় তুর্কি সিনেমা যেমন আছে তেমনি আছে হলিউডের গ্ল্যাডিয়েটর, বাইসেনশেনিয়ার ম্যান ইত্যাদি।