প্রতি ঈদেই কিছু নাটক ইউটিউবে জনপ্রিয় হয়। সে ধারাবাহিকতা এবারো রক্ষা করেছে নাটকগুলো। এর মধ্যে তিনটি নাটক ইউটিউবে ভিউ পাওয়ার পাশাপাশি আলোটিত-সমালোচিত হয়েছে।

শুরুতেই আছে ইমরোজ শাওন পরিচালিত আশিকি। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি জায়গা করে নেয় শীর্ষে। শুধু তাই নয়, ১১ জুন রাতে নাটকটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে এক কোটিবারের বেশি। নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জোভান ও নিহা।

তবে নাটকটি নিয়ে সমালোচনাও কম হয়নি। একটি গানের দৃশ্যে জোভানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা ও বিদ্রূপ হয়েছে। দেখা যায় জোভান চিৎকার করে গাইছেন। আবার অনেকে বলিউডের আশিকি ও রকস্টার সিনেমা থেকে এ নাটকের থিম ও দৃশ্য অনুপ্রাণিত বলেও মন্তব্য করেছেন।

দ্বিতীয় অবস্থানে আছে মিতুল খান পরিচালিত কোটি টাকার চেয়ারম্যান। নিলয় আলমগীর ও হিমি অভিনীত নাটকটি পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৫ নম্বরে। হিমি ও নিলয়ের জুটি নিয়ে নানা সময়েই কথা হয়েছে। সমালোচনাও হয়েছে তাদের কনটেন্ট নিয়ে। তবে এবারের নাটকটির প্রশংসা হচ্ছে।

মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ক্ষতিপূরণ। ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন চ্যানেল আইয়ে সম্প্রচারের পর ১০ জুন নাটকটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে থাকা ‘ক্ষতিপূরণ’ এরই মধ্যে প্রায় ২ দশমিক ৩ মিলিয়ন ভিউ স্পর্শ করেছে। প্রায় চার হাজার দর্শক নাটকটি দেখে মন্তব্য করেছেন! আর সব মন্তব্যই ভীষণ ইতিবাচক। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সঙ্গে আছেন মালাইকা চৌধুরী। কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৮ নম্বরে।