ঈদের পরও চাঙ্গা দেশের টেলিভিশন নাটক। তবে এখন নাটক টেলিভিশনের চেয়ে ইউটিউবেই বেশি ভিউ হয়। সেই ধারায় আরেকটি নাটক উঠে এসেছে দর্শকের পছন্দের তালিকায়। ১৯ জুন ইউটিউবে এসেছে ‘জান আমার’। মুক্তির পর এখন অবধি কয়েক লাখ দর্শক দেখেছেন নাটকটি। মুহাম্মদ মিফতাহ আনানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘জান আমার’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সাফা কবির।

এ নাটকে নিলয়কে একেবারেই নতুন এক চরিত্রে অভিনয়ে দেখা গেছে। অ্যাকশন, প্রেম ভালোবাসার এ গল্পে নিলয় ও সাফার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। তবে এ নাটকের প্রতি দর্শকের একটু বেশিই আকর্ষণের সৃষ্টি হয়েছে একটি কারণে। সাফার সঙ্গে তার জুটি নজর কেড়েছে দর্শকের। সাধারণত নিলয় আলমগীরের বিপরীতে তানিয়া বৃষ্টি ও হিমিকেই পছন্দ করেন দর্শক। এরই মধ্যে সাফা কবিরের সঙ্গে ‘জান আমার’ নাটকেও যেন দর্শক আরো বেশি ভালো লাগা খুঁজে পেয়েছে।

নাটকটি নিয়ে নিলয় আলমগীর বলেন, ‘জান আমার নাটকের গল্পটা একটু অন্য রকম। সচরাচর আমি যে ধরনের ট্রেন্ডি গল্পের বাইরেও মাঝে মাঝে একটু অন্য রকম গল্পের নাটকে কাজ করি জান আমার তারই প্রমাণ। আর মিফতাহ আনানের গল্পের নাটক সবসময়ই ব্যতিক্রম হয়। যথারীতি জান আমার নাটকের গল্পের ক্ষেত্রেও তাই হয়েছে। দর্শক এ নাটকের গল্প পছন্দ করছেন, তারা প্রবল আগ্রহ নিয়ে নাটকটি উপভোগ করছেন একজন শিল্পী হিসেবে এটাই আমার সার্থকতা।’

নাটকে অভিনয়ে নিজের সেরাটা দেয়ার বিষয়ে নিলয় বলেন, ‘আমরা একটি নাটক ভালোভাবে করার জন্য যে শ্রম দিই বা কষ্ট করি তা আসলে আমাদের টিম ছাড়া কেউই জানেন না। যখন অনেক কষ্টের পর দর্শকের কাছ থেকে সেই কাজের জন্য ভালো সাড়া পাই তখন সত্যিই অনেক ভালো লাগে।’

সাফা কবির বলেন, ‘জান আমার নাটকটি এবারের ঈদে প্রকাশ পাওয়া আমার অন্যতম আলোচিত একটি নাটক। এ নাটকে ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয় করে খুবই ভালো লেগেছে। আমি সব সময়ই চেষ্টা করে এসেছি একটু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার। জান আমার নাটকে আমার চরিত্রটিও ঠিক তাই। নিলয় ভাইয়ের সঙ্গে আবারো কাজ করে দারুণ সাড়া পাচ্ছি। আমি মুগ্ধ।’

এর আগে নিলয় ও সাফা ‘প্রথম প্রেম’, ‘লাইলী মজনুর বিয়ে’, ‘মুন্নার গার্লফ্রেন্ড’, ‘জাপানী বউ’, ‘ওয়াদা’সহ বেশকিছু নাটকে অভিনয় করেও দর্শককে মুগ্ধ করেছেন।