জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায়ই তার রয়েছে সমান জনপ্রিয়তা। বয়স যেন তার কাছে হার মেনেছে। গ্ল্যামারাস ধরে রেখে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সম্প্রতি ভালো সময় পার করছেন এ অভিনেত্রী।

গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। দুটি সিনেমায়ই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার অভিনীত তাণ্ডব সিনেমাটি নিয়ে বেশ সরগরম ছিল এবারের ঈদ। সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে চলছে। পাশাপাশি তার অভিনীত পারিবারিক সিনেমা ‘উৎসব’ দর্শক সাড়া পেয়েছে।

ঈদের আগে গত ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। জয়া আর শারমিন তৈরি হয়েছিল কভিডের সময় জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে। কভিডের সময়ে এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেন এক ছোট্ট জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্ক। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান সিনেমাটি।

8

এছাড়া কলকাতায় আজও অর্ধাঙ্গিনী নামক একটি সিনেমার শুটিং এরই মধ্যে শুরু করেছেন। এবার জানা গেল নতুন সিনেমার কথা।

মঙ্গলবার সন্ধ্যায় অভিনেত্রী জানিয়েছেন জুলাইয়ে তার নতুন আরেকটি সিনেমা মুক্তি পাবে কলকাতায়। এটি হতে যাচ্ছে তিন মাসে তার চতুর্থ সিনেমা।

মঙ্গলবার সন্ধ্যায় সিনেমার পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, ‘ডিয়ার মা’ আসছে ১৮ জুলাই। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটির ট্যাগলাইন ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান’। পোস্টের নিচে অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্লাটফর্ম জিফাইভে।

এর আগে দেয়া সাক্ষাৎকারে অনিরুদ্ধ সিনেমাটি সম্পর্কে বলেন, ‘‌সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল।’ ছোট মেয়েকে ঘিরে বাবা-মা মায়ের গল্প এগোলেও অন্য সম্পর্কের গল্পও জায়গা করে নেবে এ সিনেমায় বলে জানান নির্মাতা। সিনেমাটিতে আরো আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকিরামন।

ডিয়ার মা সিনেমা নিয়ে জয়া আগে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার এগুলো নিয়ে এগোবে সিনেমাটি। সিনেমায় আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব।’