শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া। এবারের ঈদে ভিন্ন ধাঁচের গান ‘জামদানি শাড়ি’ প্রকাশ করে শ্রোতার মনোযোগ কেড়েছেন তিনি। পাশাপাশি সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন ‘টগর’ সিনেমায় ‘১০০% দেশী’ শিরোনামের গানে প্লেব্যাক করে। এ দুই গানের রেশ কাটতে না কাটতেই কর্ণিয়ার কণ্ঠে শোনা গেল দুটি লোকগান। এর মধ্যে অনলাইন সংগীতায়োজন রিডোর প্রথম সিজনের জন্য তার কণ্ঠে রেকর্ড করা হয়েছে লালন শাহর কালজয়ী গান ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’। সংগীতায়োজনের পাশাপাশি এ গানে কর্ণিয়ার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ডিজে রাহাত। সম্প্রতি রিডো অরজিনালসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। শিল্পী কর্ণিয়া জানান, এ গানের মধ্য দিয়ে ডিজে রাহাত ‘রিডো’ শিরোনামে তার নতুন মিউজিক জার্নি শুরু করেছেন। নতুন ধাঁচের সাউন্ড আর ইমোশন নিয়ে তার এ সংগীত সফর, যা অনেকের মনে ছাপ ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এদিকে নতুন সংগীতায়োজনে কর্ণিয়ার গাওয়া আরেকটি লোকগান ‘বাউলা’ প্রকাশ করেছেন দীপ্ত মিউজিক। তাদের ইউটিউব চ্যানেলের জন্য বাউলা গানের নতুন করে সংগীতায়োজন করেছেন শামি হাসান। পরপর দুটি লোকগানের প্রকাশনা নিয়ে কর্ণিয়া বলেন, ‘যে গান আমাদের শিকড়কে চেনায়, তুলে ধরে হাজার বছরের ঐতিহ্য, সে গান থেকে দূরে সরে থাকা কখনো সম্ভব নয়। তাই প্রত্যেক শিল্পীই চেষ্টা করে আমাদের মাটির গান কণ্ঠে তুলে নেয়ার। লোকগানে আমরা কতটা সমৃদ্ধ, তা বিশ্ববাসীকে জানিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন অনেকে। একইভাবে আমিও নিজস্ব ভালো লাগা আর অগ্রজদের পথ অনুসরণ করে লোকগান কণ্ঠে তুলে নিয়েছি। আশা করছি, রিডো ও দীপ্ত মিউজিকের জন্য নতুন সংগীতায়োজনে গাওয়া পাগল ছাড়া দুনিয়া চলে না ও বাউলা গান দুটি শ্রোতাদের ভালো লাগবে।’
নতুন সংগীতায়োজনে দুই গান নিয়ে কর্ণিয়া
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া। এবারের ঈদে ভিন্ন ধাঁচের গান ‘জামদানি শাড়ি’ প্রকাশ করে শ্রোতার মনোযোগ কেড়েছেন তিনি।










