অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার একটি মাজারে গামছা পরে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। গতকাল বিকালে পাগলা থানাধীন মুখী শাহ্ মিসকিনের মাজারে তাকে অসুস্থ ও অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন তৈরির সময় পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নিয়েছে। সমু চৌধুরী কারো সঙ্গে কথা বলছেন না।

গতকাল স্থানীয় মামুনুর রশিদ মামুন নামে এক ব্যক্তি গামছা পরা ও অসুস্থ চেহারার সমু চৌধুরীর ছবি ফেসবুকে পোস্ট করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। শুরুতে অনেকে ধারণা করেছিলেন তার এ বেশভূষা কোনো শুটিংয়ের অংশ কিনা। তবে শিগগিরই বোঝা যায় তিনি অসুস্থ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে সমু চৌধুরী মুখী শাহ্ মিসকিনের মাজারে আসেন। আসার পর সেখানে তিনি একটি গাব গাছের নিচে একা শুয়ে-বসে ছিলেন। গতকাল বিকালে ঘুমিয়ে থাকার সময় তাকে কয়েকজন চিনতে পারেন। এ সময় তাকে ডাক দিলে উঠে বসেন। তার আচরণ দেখে স্থানীয়রা ধারণা করেন তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।

স্থানীয় সাংবাদিক তোফায়েল আহমেদ জানান, তিনি যে সমু চৌধুরী এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর এলাকার লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে অভিনয়শিল্পী সংঘ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, ‘‌সমু চৌধুরী এখানে অভিনয় করতে আসেননি। আচার-আচরণে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তিনি কীভাবে এখানে এলেন, কেন এলেন, এ নিয়ে কিছু জানা যায়নি। তিনি কোথাও যেতে চাচ্ছেন না।’