আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা বাংলাদেশ এবার নতুন একটি কর্মশালা নিয়ে এসেছে। অ্যানিমেশন শিল্পে নতুন প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে একটি অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে শুরু হয়েছে ‘অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উন্নয়ন কর্মশালা’। এছাড়া আজ শুরু হচ্ছে একটি দলীয় চিত্রপ্রদর্শনী।

অ্যানিমেশন নিয়ে কর্মশালার উদ্বোধন হয় গত শনিবার সন্ধ্যা ৬টায়। আয়োজন করা হয়েছিল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডি শাখার অডিটোরিয়াম নুভেল ভাগে। অনুষ্ঠানটি শুরু হয় কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনার মাধ্যমে। সেখানে আগ্রহী অ্যানিমেটর, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি অনুরাগীরা অংশগ্রহণ করেন।

এ ব্যতিক্রমধর্মী কর্মশালাটি মূলত অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক উন্নয়ন ধাপকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে। অংশগ্রহণকারীরা গবেষণা, লেখালেখি ও ডিজাইন—এ তিন মৌলিক স্তরের মাধ্যমে পেশাদার পরামর্শদাতাদের সহযোগিতায় তাদের প্রকল্পকে এগিয়ে নিতে পারবে। এছাড়া দেশ-বিদেশের প্রযোজক, সহযোগী ও অর্থায়ন সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হতে পারবে।

চলচ্চিত্রটি ফিকশন, নন-ফিকশন বা এক্সপেরিমেন্টাল যেকোনো ঘরানার হোক না কেন, কর্মশালার পাঠ্যক্রম প্রত্যেকের নিজ নিজ চর্চাকে সমৃদ্ধ করবে। এ যৌথ পরিবেশে অংশগ্রহণকারীরা এমন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প তৈরি করবেন, যা স্থানীয় সংস্কৃতির সঙ্গে বৈশ্বিক প্রাসঙ্গিকতাকে মিলিয়ে উপস্থাপন করবে।

কর্মশালাটি পরিচালনা করছেন খ্যাতনামা অ্যানিমেশন নির্মাতা ও লেখক সারা হোসেন। কর্মশালায় অংশগ্রহণের আবেদন চলবে ১৭ জুন ২০২৫ পর্যন্ত। অ্যানিমেশন, গল্প বলা, চলচ্চিত্র নির্মাণ ও ভিডিও আর্টে আগ্রহী যেকোনো ব্যক্তি আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য ও আবেদন ফর্ম পাওয়া যাবে আলিয়ঁস ফ্রঁসেজের ওয়েবসাইটে।

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আজ শুরু হচ্ছে দলীয় চিত্র প্রদর্শনী ‘টিম্বার টেইলস’। সন্ধ্যা ৬টায় উদ্বোধন হবে প্রদর্শনীর। এতে প্রধান অতিথি থাকবেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

টিম্বার টেইলসে অংশগ্রহণ করছেন তিন তরুণ শিল্পী—আবু আল নাঈম, রাকিব আলম শান্ত ও শাকিল মৃধা। এরা প্রত্যেকেই কাঠের খোদাইয়ের মাধ্যমে প্রকাশিত একটি অনন্য দৃশ্যমান ভাষা ব্যবহার করেন। প্রদর্শনীতে প্রায় ২০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে, যা সমসাময়িক থিমগুলোকে প্রতিফলিত করে অস্তিত্ব, পরিবেশ, স্মৃতি ও সামাজিক আখ্যানকে অন্বেষণ করে।

রাকিব আলম শান্ত তার সাহসী, বৃহৎ আকারের সাদা-কালো উডকাট প্রিন্টের জন্য পরিচিত, যেখানে রূপ ও বৈপরীত্য স্পষ্টভাবে ধরা পড়ে। শাকিল মৃধা তার শৈশবের গ্রামীণ জীবনের স্মৃতি, রং ও ছন্দকে কাজে লাগিয়ে তৈরি করেছেন এক উষ্ণ ও স্নিগ্ধ চিত্রভাষা।

অন্যদিকে আবু আল নাঈম ধারাবাহিকভাবে পরীক্ষাধর্মী পন্থায় কাজ করে চলেছেন, যেখানে ঐতিহ্যবাহী মাধ্যমের সঙ্গে আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটেছে।

তিনজন শিল্পী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগ থেকে বিএফএ ও এমএফএ সম্পন্ন করেছেন এবং সেখানেই তাদের নিজস্ব শিল্পভাষা গড়ে তুলেছেন।

প্রদর্শনীটি চলবে ২৫ জুন পর্যন্ত এবং সবার জন্য উন্মুক্ত থাকবে সোমবার থেকে শনিবার প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।