দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। বিভিন্ন সিরিজ, ওয়েবফিল্ম ও চলচ্চিত্রের মাধ্যমে এরই মধ্যে দর্শকের কাছে পরিচিতি তৈরি করেছে প্লাটফর্মটি। সেই ধারাবাহিকতায় এবার প্লাটফর্মটিতে যুক্ত হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের নতুন সিরিজ ‘প্রাণভোমরা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তৌসিফ মাহবুব। তার সঙ্গে থাকছে নতুন মুখ শ্রেয়সী শ্রেয়া।

নাটক ও ওয়েব সিরিজে চেনা ছক ভেঙে ভিন্নধর্মী গল্প উপস্থাপনের জন্য পরিচিত এ নির্মাতা এবার বাংলার রূপকথার ‘প্রাণভোমরা’ ধারণা অবলম্বনে নির্মাণ করছেন নতুন সিরিজটি। এর আগে তার ‘চক্র’-এর দুই সিজনে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এবার ‘প্রাণভোমরা’য়ও তাদের একসঙ্গে দেখা যাবে।

গতকাল দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় ‘প্রাণভোমরা’ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রাণভোমরা নামের মধ্যেই প্রাণ ও হৃদয়ের বিষয়টি রয়েছে। চরিত্রগুলো ভালোবাসার কথা বলবে। আমরা বাস্তব জীবনে যেভাবে কথা বলতে চাই, চরিত্রগুলোও সেভাবেই কথা বলবে। আইস্ক্রিনের কনটেন্ট দর্শক পছন্দ করছেন বলেই একটির পর একটি ভালো সিরিজের কাজ আসছে।’

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘যে গল্পগুলো অন্য প্রযোজকরা নির্মাণ করতে সাহস পেতেন না, সেগুলো চ্যানেল আই করেছে। এজন্য চ্যানেল আই ও আইস্ক্রিনের সঙ্গে আমার একাধিক কাজ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই।’

তৌসিফের সঙ্গে নতুন শিল্পীকে বেছে নেয়া প্রসঙ্গে ভিকি বলেন, ‘আমি সবসময় প্রতিষ্ঠিতদের নিয়ে বেশি কাজ করি, এটা নিয়ে অনেকে কথা বলেন। এবার সেই চ্যালেঞ্জটাই নিয়েছি। তৌসিফের সঙ্গে নতুন একজন মুখ থাকছেন। পাশাপাশি আরো অনেক পরিচিত আর্টিস্টরা থাকবেন।’

মানুষের শরীর একসময় হারিয়ে যেতে পারে, কিন্তু তার ভেতরের অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি সত্যিই কখনো মরে যায়? সেই অনুভূতির টানে কি অতীত আবার ফিরে আসতে পারে? এমন কিছু প্রশ্নকে ঘিরেই এগিয়ে যাবে ‘প্রাণভোমরা’র গল্প।

আগামী অক্টোবরে শুরু হবে সিরিজটির শুটিং। নির্মাণ শেষে যথাসময়ে আইস্ক্রিনে মুক্তি দেওয়া হবে ‘প্রাণভোমরা’।