কাজল রেখা সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় মন্দিরা চক্রবর্তীর। প্রথম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মন জয় করে নেন তিনি। দেশে-বিদেশে সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী হিসেবে সম্মাননায়ও ভূষিত হয়েছেন। এ রকম হলে অনেক অভিনেতাই তাদের পারিশ্রমিক বাড়িয়ে দেন। কিন্তু মন্দিরা চক্রবর্তী এখন পারিশ্রমিকের চেয়ে ভালো গল্প ও চরিত্রের প্রতিই মনোযোগ দিচ্ছেন।

কাজল রেখার মুক্তির পর মন্দিরা চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে ‘নীল চক্র’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি গত ঈদে দেশের সিনেপ্লেক্সগুলোয় মুক্তি পেয়েছে। দর্শক পছন্দ করেছেন তার অভিনয়। নীল চক্র মুক্তির পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করার প্রস্তাব এলেও সেসবে আপাতত মনোযোগ না দিয়ে এ সিনেমা নিয়েই আপাতত মগ্ন আছেন মন্দিরা। তিনি জানান, প্রস্তাব আসা সিনেমাগুলোর গল্প বা তাতে কাজ করা নিয়ে কিছুদিন পর ভাববেন।

নীল চক্রে প্রশংসিত হওয়া ও আগামীতে সিনেমায় কাজ করা প্রসঙ্গে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘কাজল রেখা দিয়ে যখন আমার অভিষেক হলো তখন আমার যে প্রত্যাশা ছিল, তার চেয়ে বেশি সাড়া পেয়েছি নবাগত হিসেবে। যারাই হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন প্রত্যেকেই আমার অভিনয়ের ভীষণ প্রশংসা করেছেন। তারা আগামীতে আরো ভালো অভিনয় করার ব্যাপারেও মনোযোগী হতে বলেছেন।’

মন্দিরা জানান, তিনি দর্শক ও শুভানুধ্যায়ীদের পরামর্শে কান দিচ্ছেন। তিনি বলেন, ‘অনেক দর্শক, সহকর্মী আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি অনুপ্রাণিত। যে কারণে আগামীতে আমি আরো ভালো গল্পের প্রতি এবং আমার নিজের চরিত্রের প্রতি ভীষণ মনোযোগ রাখতে চাই।’

সম্মানীর প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই একজন শিল্পীর জন্য সম্মানীটা গুরুত্বপূর্ণ। কিন্তু ভালো গল্প ও চরিত্রই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিল্পী হিসেবে নিজের সফলতার সর্বোচ্চ সময়টাকে উপভোগ করতে চাই, দর্শকের আরো আরো ভালোবাসায় নিজেকে সিক্ত করতে চাই।’

মন্দিরা চক্রবর্তী জানান, এরই মধ্যে চলতি সপ্তাহে নীল চক্রের একটি প্রিমিয়ার শো হওয়ার কথা। এ শোও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে উপভোগ করবেন তিনি।