নাট্য সংগঠন স্বপ্নদলের মনোড্রামা হেলেন কেলার। নাটকটির বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২৭ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে। মহীয়সী হেলেন কেলারের ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্চায়ন হবে নাটকটির।

হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক দেশ-বিদেশে প্রশংসিত হেলেন কেলার রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে আবর্তিত স্বপ্নদলের হেলেন কেলার প্রযোজনা। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশ হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচন হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ! উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে ও যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। প্রসঙ্গত, কিংবদন্তি হেলেন কেলার ১৮৮০-এর ২৭ জুন জন্মগ্রহণ করেন এবং প্রয়াত হন ১৯৬৮ সালের ১ জুন।

স্বপ্নদলের হেলেন কেলার প্রযোজনাটি দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি দেশের বাইরে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে ও ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।