বর্ষাকালের প্রধান বৈশিষ্ট্য বৃষ্টি। বৃষ্টি নিয়ে গান, কবিতা লেখা হয়েছে অনেক। রবীন্দ্রনাথের কবিতায় বৃষ্টি, বর্ষাকাল সমহিমায় উজ্জ্বল; তিনি বৃষ্টির রূপ অবগাহন করেছেন নানা রঙে। কবি শহীদ কাদরী তার কবিতা ‘বৃষ্টি, বৃষ্টি’-তে আকস্মিক বজ্রপাত বা তুমুল বৃষ্টিকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করেছেন।
প্রকৃতির যে রূপ-সৌন্দর্য তা উজাড় করে দেয় বর্ষা ঋতু। বৃষ্টিতে প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ আর সতেজ। শিল্পীর আঁকা ছবিতেও সেই বাস্তবতার উজ্জ্বল প্রতিফলন দেখা যায়। শিল্পীরা তাদের রঙতুলির নিপুণ-নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তুলেছেন বৃষ্টিস্নাত বিভিন্ন মুহূর্ত।
বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন পূর্ববাংলা এবং পরবর্তী স্বাধীন বাংলাদেশ—দুই পর্বেই দেশের প্রকৃতি, মাটি, মানুষ, আকাশ, বাতাস, প্রাকৃতিক দুর্যোগ ফুটিয়ে তুলেছেন তার ছবিতে। এ দেশের চিত্রকলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার রূপকারও তিনি। চিত্রে বাংলার প্রকৃতি ফুটিয়ে তোলার ক্ষেত্রে জয়নুল আবেদিনের কাজ তুলনাহীন ও বিশ্বখ্যাত। তার ছবিতে সরাসরি"‘বৃষ্টি’ শব্দটি নেই, তবে তার দুর্ভিক্ষবিষয়ক চিত্রমালায় বৃষ্টির অভাবে সৃষ্ট পরিস্থিতি চিত্রিত হয়েছে।

পরে বৃষ্টিকে কেন্দ্রে রেখে বেশকিছু হৃদয়স্পর্শী চিত্রকর্ম আঁকা হয়েছে। বিশেষ করে পুরান ঢাকার রাস্তায় বৃষ্টির প্রতিফলন, রিকশা ও মানুষের লাগামহীন বাস্তবতা দেখানো হয়েছে আঁকা ছবিতে। এর মধ্যে শিল্পী সাদেক আহমেদের কয়েকটি সিরিজ ছবিতে ঢাকার বৃষ্টিবহুল দৃশ্য তুলে ধরেন। তার ‘রেইন অ্যাট ওল্ড ঢাকা’ (২০২১), ‘রেইনি ডে অব ওল্ড ঢাকা’ ও ‘রেইন অ্যাট ঢাকা ডিউরিং নাইট’ অন্যতম। ছবিগুলোয় ঢাকার অলিগলি ও বৃষ্টির প্রতিফলন দেখানো হয়েছে।
শিল্পী উজ্জ্বল হাসানের ‘সাডেন রেইন’ (২০১৬) ছবিতে হঠাৎ আসা বৃষ্টিকে চিত্রিত করে গ্রামীণ বাংলাদেশের প্রকৃতিকে ফুটিয়ে তুলেছেন। শিল্পী সুলতান ইশতিয়াক তার ‘বোটস অ্যান্ড রেইন’ (২০১৫) ছবিতে বৃষ্টির দিনে নৌকায় বসা মানুষের নদীর শরীরের সঙ্গে আবেগের অভিযাত্রা তুলে ধরেছেন।
শিল্পী মুস্তাফা মনোয়ার, অলকেশ ঘোষ, মনিরুল ইসলাম, কাজী গিয়াসউদ্দিন, রফিকুন নবী, বীরেন সোম, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, ফরিদা জামান প্রমুখ প্রথিতযশা শিল্পীর চিত্রকর্মে নানা কম্পোজিশন, রঙ, রেখা, বিষয়-বৈচিত্র্যে বর্ষার আবাহন ফুটিয়ে তুলতে দেখা যায়। বিদেশীদের মধ্যে গুস্তাভ কাইলেবোটের ‘প্যারিস স্ট্রিট রেইনি ডে,’ ভিনসেন্ট ভ্যান গঘের ‘ল্যান্ডস্কেপ অ্যাট এভার্স ইন দ্য রেইন’, জেএমডব্লিউ টার্নারের ‘রেইন স্টিম অ্যান্ড স্পিড’, চিলডে হাস্সামের ‘দি এভিনিউ ইন দ্য রেইন’, জন কনস্টাবলের ‘সিস্কেইপ স্টাডি উইথ সেইন ক্লাউড’ বিখ্যাত চিত্রকর্ম। ক্লদ মনেঁর ‘বেলি লে রেইন ইফেক্ট’ও বিখ্যাত ছবি।










