প্রখ্যাত মার্কিন চিত্রশিল্পী ও টিভি উপস্থাপক বব রস। তার আঁকা ৩০টি চিত্রকর্ম নিলামে তুলছে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বনহামস। যুক্তরাষ্ট্রজুড়ে পাবলিক ব্রডকাস্টিং স্টেশন পিবিএস ও আমেরিকান পাবলিক টেলিভিশনের (এপিটি) আর্থিক সহায়তার জন্য এ নিলাম আয়োজন করা হচ্ছে। বনহামস জানিয়েছে, বব রসের এসব প্রকৃতিনির্ভর চিত্রকর্মের সম্ভাব্য মোট মূল্য হতে পারে ৮ লাখ ৫০ হাজার থেকে ১৪ লাখ ডলার। প্রথম ধাপে আগামী ১১ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে তিনটি চিত্র নিলামে তোলা হবে। সেগুলো হলো উইন্টার’স পিস (১৯৯৩), হোম ইন দ্য ভ্যালি (১৯৯৩) ও ক্লিফসাইড (১৯৯০)। বাকি ২৭টি চিত্র আগামী বছর নিউইয়র্ক, বোস্টন ও লস অ্যাঞ্জেলেসে আয়োজিত বিভিন্ন নিলামে তোলা হবে।

বব রস পরিচালিত জনপ্রিয় শিল্পকর্মভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য জয় অব পেইন্টিং’-এ ১৯৯৩ সালে উইন্টার’স পিস চিত্র আঁকার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সম্প্রচার করা হয়। বনহামসের বিবৃতিতে বলা হয়েছে, চিত্রটি আঁকার সময় রস ইচ্ছা করেই রঙের উজ্জ্বলতা বাড়িয়েছিলেন, যাতে ঘরে বসে দেখা দর্শকের কাছে দৃশ্যটি আরো প্রাণবন্তভাবে ফুটে ওঠে।

বব রসের শিল্পকর্মের মালিকানা ও বিপণন পরিচালনাকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বব রস ইনকের সভাপতি জোয়ান কাওয়ালস্কি বলেন, ‘রস তার জীবন উৎসর্গ করেছিলেন শিল্পকে সবার জন্য সহজ ও গ্রহণযোগ্য করে তুলতে। এ নিলাম তার সেই উত্তরাধিকার ধারা অব্যাহত রাখবে।’

বনহামস স্কিনারের জেনারেল ম্যানেজার রবিন স্টার বলেন, ‘রসের চিত্রকর্মের বাজার দ্রুত বাড়ছে। যেসব চিত্র তিনি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি এঁকেছিলেন, সেগুলো এবার জনসেবামূলক টিভির তহবিলের জন্য বিক্রি হচ্ছে। তাই নিলামে প্রতিযোগিতা বেশ তীব্র হবে বলে আমরা আশা করছি।’

‘দ্য জয় অব পেইন্টিং’ অনুষ্ঠানটি ১৯৮৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাবলিক টেলিভিশনে প্রচারিত হয়। শান্ত কণ্ঠ, মৃদু উৎসাহ ও ‘ওয়েট অন ওয়েট’ পদ্ধতিতে পাহাড়, হ্রদ ও মেঘের দৃশ্য আঁকার জন্য তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯৫ সালে ক্যান্সারে তার মৃত্যু হয়।

কভিড-১৯ মহামারীর সময় তার অনুষ্ঠান ইউটিউব ও অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে আবারো বিপুল জনপ্রিয়তা পায়। ‘হ্যাপি লিটল ক্লাউডস’ ও ‘নো মিস্টেইকস, অনলি হ্যাপি অ্যাক্সিডেন্টস’ হয়ে ওঠে নতুন প্রজন্মের প্রিয় অনুপ্রেরণা। সূত্র: আর্ট নিউজ