‘রাজনীতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে নির্বাচন,
নির্বাচন মানেই রাজনীতি নয়’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,
‘রাজনীতি এখন ভালো মানুষের জন্য আদর্শ নয়। ভালো ও সৎ মানুষদের রাজনীতিতে আনতে হবে।’
তিনি বলেন, নতুন করে আর নির্বাচনী ওয়াদা করতে
চাই না, পূর্বের কাজগুলো শেষ করতে চাই। নতুন কাজ হাতে নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা
করতে চাই না।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী
এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলায় তিনি এই সব কথা বলেন।
সেখানে দলীয় কার্যালয়ের সামনে মোশারফ-ফজিলাতের
নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এ সময় রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে
মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘একজন দক্ষ, সৎ গুণী-জ্ঞানী সিনিয়র দায়রা জজকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে অবাক করে দিয়ে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দিয়েছেন।’
ফাউন্ডেশনের বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি
অধ্যক্ষ রাহ্বার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল
আনম চৌধুরী সেলিম, জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহামন, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম,
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা
আ.লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ অনেকে।
দুপুরে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত
এক সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। পরে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য
একরামুল করিম চৌধুরীর বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।










