দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত জেলা কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও মৌলভীবাজারে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। আটকে পড়া মানুষকে উদ্ধার কার্যক্রম, ত্রাণসামগ্রী বিতরণ ও নদী রক্ষা বাঁধ নির্মাণ করছেন সীমান্তরক্ষী এ বাহিনীর সদস্যরা।
গতকাল বিজিবির ফেনী ব্যাটালিয়নের উদ্ধারকারী দল আট শতাধিক মানুষকে উদ্ধার করেছে। পরে তাদের জয় লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয় লস্করপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে। পাশাপাশি উদ্ধারকৃতদের মাঝে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করছে বিজিবি।
এছাড়া গোমতী নদীর তীরবর্তী বন্যাদুর্গতদের আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে বিজিবি। পাশাপাশি তাদের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়েছে। গোমতী নদীর তীরে ফাটল দেখা দেয়ায় স্থানীয়দের সহায়তায় বালির বস্তা ফেলে বাঁধ নির্মাণ করা হয়েছে।
অন্যদিকে খাগড়াছড়ির রামগড় উপজেলার আঁধারমানিক, নলুয়াটিলা, লাচারীপাড়া, লক্ষ্মীছড়ায় ২৯৬টি পরিবারের ১ হাজার ৫৫০ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে বিজিবির উদ্ধারকারী দল। এছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত ২০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বন্যাদুর্গত ৫০টি পরিবারে মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি ও আলু বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমায় বন্যার্তদের উদ্ধার তৎপরতার পাশাপাশি দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।










