বঙ্গোপসাগরে বাংলাদেশী জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা এফবি মঙ্গল চন্ডী-৭ নামের ওই জাহাজটিকে জেলেসহ আটক করে। আজ বুধবার সন্ধ্যায় আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করে মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, ভারতীয় ফিশিং ট্রলার এফবি মঙ্গল চন্ডী-৭ বাংলাদেশী জলসীমার ১০ দশমিক ২ নটিক্যাল মাইল ভেতরে প্রবেশ করে মাছ ধরছিল। কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে।
তিনি বলেন, আমরা আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় সোপর্দ করেছি। ট্রলার ও জব্দকৃত মাছের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।










