ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, ‘সেবিকারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সুস্থ করে তোলেন। তারা অন্ধের মতো মানুষের সেবা করেন। তার প্রমাণ পেয়েছি কভিডের সময়। সে সময় ভাই ভাইকে চেনেনি, ডাক্তার রোগীদের কাছে যাননি। কিন্তু সেবিকারা ঠিকই কভিড রোগীকে সেবা দিয়েছেন। এ কারণে তারা যে কভিড আক্রান্ত হয়েছেন এমন নজির পাওয়া যায়নি।’

গতকাল ফরিদপুর শহরের কবি জসীম উদ্‌দীন হলে আন্তর্জাতিক নার্সেস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য এ কে আজাদ এ সময় সেবামূলক এ পেশায় নার্সদের পদোন্নতি বা বেতন বাড়ানোর বিষয়ে জাতীয় সংসদে কথা বলবেন বলেও জানান। এছাড়া তাদের পদোন্নতির জন্য সুপারিশ করবেন।

আগামী বছর থেকে সেরা নার্সদের জন্য পুরস্কারের ব্যবস্থা করার ঘোষণা দেন এ কে আজাদ। তিনি বলেন, ‘একজন অসুস্থ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেই নার্সদের আনন্দ। আর এ আনন্দ আছে বলেই এ পেশা টিকে আছে, নার্সরাও টিকে আছে।’