ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন ২৩-এর উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হয়েছেন এলিজা জামান। এর আগে এ আসনে সংসদ সদস্য ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গতকাল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে এলিজা জামান তার মনোনয়নপত্র জমা দেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। এলিজা জামান পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিল করা যাবে।
আপিল হলে তা নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
তবে সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী, শূন্য হওয়া আসনটি বিএনপির পাওয়ার কথা। ফলে অন্য কোনো দলের প্রার্থী দেয়ার সুযোগ নেই। এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ হলে এবং আপিলসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ভোটের নির্ধারিত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
গত ১ অক্টোবর ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপট ও ভাংচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।










