চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের পাক্ষিক মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ লক্ষ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাজের মূল্যায়ন করার জন্য চসিকের পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নজরদারী বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শুক্রবার নগরীর আন্দরকিল্লায় কেবি আবদুস সাত্তার মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ নির্দেশনা দেন।

চসিক মেয়র বলেন, চট্টগ্রাম নগরীকে বাংলাদেশের একটি মডেল নগরী হিসেবে পরিণত করতে চাই। পরিচ্ছন্নতা বিভাগের কর্মকাণ্ড গতিশীল করতে নগরীর ৪১টি ওয়ার্ডকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে। জোনভিত্তিক সার্বিক তদারকী করার জন্য ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা প্রতি পাক্ষিকে পরিচ্ছন্নতা কার্যক্রমের মূল্যায়নপূর্বক প্রতিবেদন দাখিল করবেন। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

কাজে কোনো রকম অবহেলা, গাফিলতি ও অনিয়ম হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে শাস্তির আওতায় এনে চাকরিচ্যুতসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. মোবারক আলী, কাউন্সিলর কাজী নুরুল আমিন, সচিব খালেদ মাহমুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী উপস্থিত ছিলেন।