কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রধান আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. লুত্ফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সকাল ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী আসামি লুত্ফর রহমানের তিনদিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া বাকি পাঁচ আসামির মধ্যে দুই আসামির রিমান্ড আবেদন জানালে আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেন কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. লুত্ফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। মামলার এজাহারভুক্ত আরেক আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০-১২ জনের নামে মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।
এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষিবিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা নেয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আজাহার আলী জানান, প্রধান আসামি লুত্ফর রহমানের তিনদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আরো দুই আসামির রিমান্ড আবেদন করা হলে আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেন।










