নিজ নিজ কর্মস্থলে যোগদান করা ও করোনাকালে বকেয়া বেতন-ভাতার দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়ল খনির দেশী শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। দুই দফা দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে খনি গেটের সামনে পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
২৪ এপ্রিল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারী শ্রমিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ব্যানারে দুই দফা দাবিতে খনি গেটে অবস্থান কর্মসূচি পালন করেন।
দুই দফা দাবির মধ্যে রয়েছে করোনাকালে লকডাউনের কারণে বাড়িতে অবস্থানকারী শ্রমিকদের কর্মস্থলে ফেরানো ও করোনাকালে বকেয়া বেতন-ভাতা প্রদান করা। আন্দোলনকারী শ্রমিকরা সবাই কয়লা খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত ছিলেন।
দুই দফা দাবিতে খনি গেটে শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, শ্রমিক নেতা এহসানুল হক সোহাগ, এরশাদ আলী, আবু তাহের প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে সরকারের ঘোষণা অনুযায়ী বড়পুকুরিয়া কয়লা খনি লকডাউন ঘোষণা করা হয়। ওই সময় শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন। পরে লকডাউন উঠে গেলেও বাড়িতে অবস্থানকারী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফেরানো হয়নি। একইভাবে তাদের বকেয়া বেতন-ভাতা দেয়া হয়নি।










