বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছর রাজনীতিতে আমরা অনেক কষ্ট করেছি, আগামীতে আমাদের একটি সুদিন আসার সম্ভাবনা রয়েছে। আমরা যেন কেউ অহংকারী হয়ে না উঠি।

রোববার (৬ এপ্রিল) বিকালে ভোলা সদর উকিল পাড়াস্থ শান্ত নীড়ে বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পিতার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান আন্দালিব রহমান পার্থ।

এ সময় জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লার সার্বিক তত্ত্বাবধানে মৃত্যুবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতা ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান উপস্থিত ছিলেন।