স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন মোবাইল স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত স্যামসন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ নামের এ উদ্যোগের ঘোষণা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ উদ্যোগের মাধ্যমে দেশের ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হবে। এর আওতায় সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা তৈরি, প্রবীণদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের পরীক্ষা-চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ সরবরাহ থাকবে।

সংবাদ সম্মেলনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়। এটি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। মোবাইল স্বাস্থ্যসেবার মাধ্যমে চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ মানসম্মত সেবা পেলে একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরো জানান, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। এটি সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ। জন্মশতবার্ষিকী উপলক্ষে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে একটি মোবাইল হাসপাতাল উদ্বোধন করা হবে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় জন্মশতবর্ষ উপলক্ষে আরো একটি অনুষ্ঠান হবে।
তপন চৌধুরী বলেন, স্যামসন এইচ চৌধুরীকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের প্রায় সবাই তার নাম শুনেছেন। তার চিন্তাধারা প্রতিদিনের কাজের মধ্যে প্রতিফলিত হয়। স্কয়ারের সব প্রতিষ্ঠানে তার সেই আদর্শ এখনো বহমান। তিনি সন্তান ও সহকর্মী হিসেবে সেই উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করছেন।
স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, এই মোবাইল স্বাস্থ্যসেবা সারা দেশে চালু হবে। বিশেষ করে ঢাকা ও আশপাশের নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য হাসপাতালটি কাজ করবে। শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্যও কার্যক্রম চালানো হবে। নারীদের শারীরিক জটিলতা মোকাবেলায় নারী চিকিৎসক ও সহকর্মীরা সেবা দেবেন। এরই মধ্যে কয়েকটি গার্মেন্টসে কাজ শুরু হয়েছে। এর কার্যক্রম স্কয়ার ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে।










