পঞ্চগড়ে দুদিন ধরে ভোর রাত থেকে সকাল পর্যন্ত পড়ছে শীতকালের মতো কুয়াশা। শরত্কালেও শীতের মতো ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জেলার পথঘাট। ধোঁয়া ধোঁয়া কুয়াশার মাখামাখিতে ভোর থেকে সকাল পর্যন্ত পঞ্চগড়ে এখন অন্যরকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে, যা শীতের আগমনি বার্তা দিচ্ছে। শহরের গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা পড়তে দেখা গিয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।

এদিকে তাপমাত্রা কমে গিয়ে ২১ ডিগ্রির ঘরে নেমে এসেছে। গতকাল সকাল ছয়টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহজুড়ে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কমে যেতে পারে। অক্টোবরের শেষের দিকে তীব্রতা শুরু হবে। কুয়াশার স্থায়িত্বও বেড়ে যাবে। তবে বৃষ্টি না হলে দিনের বেলায় থাকবে গরম।