জহুরুল হক হলে শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা। গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ডিবেট সংগঠন 'হাউজ অব ডিবেটরস’ আয়োজন করে ৮ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২৪। আয়োজনে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল।
প্রতিযোগিতায় দেশ ও বহির্বিশ্বে চলমান ইস্যু, ছাত্ররাজনীতির ভবিষ্যত, মানবসভ্যতার ধারাবাহিকতায় আজকের সংকট, অর্থনৈতিক নীতিমালা ইত্যাদি বিষয়ে বিতার্কিকেরা বৈচিত্র্যময়ী চিন্তাধারা প্রয়োগ করে প্রতিযোগিতাটিকে বহুমাত্রিকতা প্রদান করেন। স্কুল কলেজ পর্যায়ের ফাইনাল বিতর্কের বিষয়বস্তু ছিল, ‘এই সংসদ, বাংলাদেশের আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সমর্থন করবে’। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব এই বিতর্কে জয়ী হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল বিতর্কের বিষয়বস্তু ছিলো, ‘এই সংসদ বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করাকে সমর্থন করে’। কবি জসিম উদ্দিন হল ডিবেট ক্লাব এই বিতর্কে জয়ী হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট পলিসি সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।
আয়োজনের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা বলেন, শীতকালের এই বিশেষ সন্ধ্যায় কিছু তরুণ অন্যদের থেকে আলাদা করে চিন্তার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া স্পিরিট ধারণ করে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট ড. ফারুক শাহ।
আয়োজন সফল হয়েছে বলেছে জানিয়ে এই বছরের আয়োজনের সমাপনী ঘোষণা করেন ডিইউডিএস সভাপতি অর্পিতা গোলদার। প্রত্যেক চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা আর রানার আপ দলকে ৭ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।










