যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারত্বের বিস্তৃতি ও দৃঢ়তা তুলে ধরতে তিন দিনের সফরে ঢাকায় বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি। আগামীকাল থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত সফরে তিনি বিভিন্ন জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশে পরিচালিত সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।
বাকিংহাম প্যালেসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, সফরকালে ঢাকায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন সোফি। এসময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন তিনি। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জানার পাশাপাশি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন।
সফরের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) তরুণ ক্রীড়াবিদদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ডাচেস। তাদের মধ্যে নারী হকি খেলোয়াড়রাও থাকবেন। নারী ও কন্যাশিশুদের জন্য নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরতে এ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদযাপনেও অংশ নেবেন ডাচেস অব এডিনবরা। এ আয়োজনে তরুণদের সঙ্গে যোগ দিয়ে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রমও পরিদর্শন করবেন ডাচেস। সেখানে বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত গুরুত্বপূর্ণ সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি।
এসব কার্যক্রমের মধ্যে রয়েছে শরণার্থী জনগোষ্ঠীর সহনশীলতা ও নেতৃত্বের সক্ষমতা জোরদার করা। পাশাপাশি বাস্তুচ্যুতির মধ্যেও নারী ও শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে পুনর্বাসন, সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সহায়তা কার্যক্রম পরিচালনা করা।










