নওগাঁর মহাদেবপুরে ‘এসডি এগ্রোভেট’ নামে একটি নকল সার ও ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছে প্রশাসন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অভিযানে এনএসআই, এসআরবি ও পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় ভ্রামমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে নিম্নমানের জৈবসার ও নকল কীটনাশক তৈরি করা হচ্ছিল বলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক শাহীনূর পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা করেন। অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তার ছোট ভাই দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। সেখান থেকে কয়েক টন নকল সার ও কীটনাশক ছাড়াও ভেজাল পণ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক জব্দ করা হয়েছে।










