এসএসসি পাসের ২৭ বছর পর আবারো হাতে বইখাতা তুলে নিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম। জীবনের বাস্তবতা, পারিবারিক দায়িত্ব ও জনসেবার ব্যস্ততার মধ্যেও থেমে থাকেনি তার শিক্ষার প্রতি আগ্রহ। বয়সকে হার মানিয়ে পূরণ করেছেন দীর্ঘদিনের লালিত স্বপ্ন। ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এবার আইন বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা তার।
আমিনুল ইসলামের বাড়ি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তার সংসার। চলতি বছর তার স্ত্রী মোসা. হুসনে আরা ও বড় ছেলে মো. স্বাধীনও এসএসসি পাস করেছেন। একই বছরে পরিবারের তিন সদস্যের সাফল্যে বাড়িতে এখন উৎসবের আমেজ।
আমিনুল ইসলাম বলেন, ‘দুপুরে স্ত্রী ফোন করে পাসের খবরটি জানান। খবরটি শুনে খুব আনন্দিত হয়েছি। ২৭ বছর পর আবার পড়াশোনা শুরু করে পরীক্ষায় পাস করা আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এইচএসসি পাস করার। সেই ইচ্ছা পূরণ হয়েছে। এখন আরো পড়াশোনা করতে চাই। আমি আইন বিষয়ে পড়াশোনা করব।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, ‘৪৭ বছর বয়সে ধৈর্য ধরে পড়াশোনা করে এইচএসসি পাস করা অত্যন্ত আনন্দের খবর। একজন জনপ্রতিনিধি হিসেবে নানা ব্যস্ততার মধ্যেও তিনি পড়াশোনায় মনোযোগ দিয়েছেন। তার এ অর্জন পড়াশোনা থেকে দূরে থাকা বয়স্ক অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হবে।’










