বিয়ের পর থেমে গিয়েছিল পড়াশোনা। সংসার আর সন্তানদের সামলে কেটে গেল ১৯ বছর। কিন্তু হারিয়ে যায়নি স্বপ্ন। তাই যেন প্রমাণ করলেন আফরোজা আক্তার মেরী (৩৫)। ২০০৭ সালে দশম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয়ে যায় মেরির। এরপর থেমে যায় পড়াশোনা। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে স্বামী ও পরিবারের সহযোগিতায় আবার শুরু করেন লেখাপড়া। সংসারের কাজ শেষে গভীর রাত পর্যন্ত চলত পড়াশোনা। বিয়ের আগে পড়াশোনা করেছেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। ২০২৪ সালে একই প্রতিষ্ঠান থেকে এসএসসিতে জিপিএ ৪.৫৫ পাওয়ার পর ২০২৬ সালে ওই প্রতিষ্ঠান থেকেই এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.২৯ অর্জন করেন তিনি। মেরীর এমন সাফল্যে আনন্দিত তার স্বামী, সন্তান, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শিক্ষকরা।
আফরোজা আক্তার মেরী বলেন, ‘বিয়ের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তবে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে এবং স্বামীর অনুপ্রেরণায় আবারো ভর্তি হই। দীর্ঘ বিরতির পর সংসার সামলে শিক্ষাজীবনে ফিরে এইচএসসি পাস করতে পেরেছি, এটা আমার জীবনের বড় প্রাপ্তি। আমি ভীষণ আনন্দিত।’
স্বামী ইমরুল হাসান বলেন, ‘আমার স্ত্রী সংসার সামলে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছে, এতে আমিসহ পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। দুই সন্তান, বাবা-মা ও সংসারের সব কাজ সামলেও সে পড়াশোনা চালিয়ে গেছে।’
দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজল বলেন, ‘তার মতে, মেরীর সাফল্য অন্যদেরও নতুন করে পড়াশোনা শুরু করতে উৎসাহিত করবে। প্রমাণ করবে, সুযোগ পেলেই যেকোনো বয়সে শিক্ষার পথে ফেরা সম্ভব। তার এ সাফল্যে আমরা গর্বিত।’










