গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী লাঠিখেলার আসর। প্রতি বছর কার্তিক মাসের ১৬ তারিখে উপজেলার ডুমুরশিয়া গ্রামে বসে ঐতিহ্যবাহী এ মেলা। এবার ২১ কার্তিক, গত শুক্রবার ডিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয় দুই দিনব্যাপী ১০৬তম আয়োজন। শেষ হয় গতকাল। মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এ সময় লাঠিয়ালদের সঙ্গে তিনি নিজেও লাঠিখেলায় অংশ নেন। পরে ঢোলের শব্দের সঙ্গে শুরু হয় লাঠির ছন্দময় লড়াই। কখনো আক্রমণ, কখনো প্রতিরোধ। লাঠিয়ালদের ক্ষিপ্রতা আর কৌশল দেখতে মাঠজুড়ে দর্শকের ভিড়। দর্শকরা লাঠিখেলা উপভোগ করেন। স্থানীয়দের ভাষ্য, ১৯১৩ সালের পর কোনো একসময় থেকে নিয়মিত এ আয়োজন হয়ে আসছে।