চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে স্বৈরশাসন, পরিবারতন্ত্র ও ভোটবিহীন কমিটি থেকে মুক্ত করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ব্যবসায়ীরা।

আজ রোববার (১৮ আগস্ট) সকালে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যের শিকার দাবিদার ব্যবসায়ীরা এ বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তারা, ৬ দফা সংস্কার দাবি তুলে ধরে বলেন, ২০১৪ সালের পর কোনো নির্বাচন হয়নি চেম্বারে।  স্বৈরশাসনের মত পরিবারতন্ত্র ও ভোটবিহীন কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন দিতে হবে। যোগ্য নেতৃত্ব বাছাই করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গত ১০ বছরে চেম্বারের দুর্নীতির বিচারের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন,  চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এসএম নুরুল হক, চেম্বারের সাবেক পরিচালক মোস্তফা গ্রুপের পরিচালক মাহফুজুর রহমান, চেম্বারের সাবেক পরিচালক সৈয়দ সগীর আহমেদ,  বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম, চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বারভিডার সাবেক সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, বাংলাদেশ নন-প্যাকার ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. মাহাবুব রানা, চেম্বার সদস্য এম এ রাজ্জাক, চট্টগ্রাম ফ্রেশ ফুট ভেজিটেবল অ্যান্ড এলাইট প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও সদস্যবৃন্দ।

চেম্বারকে সংস্কারের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, বর্তমান চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে ্ মেম্বারশিপ সহজীকরণ করতে হবে।