গাজীপুরের শ্রীপুরে ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্টের প্রাইভেট কারে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় প্রাইভেট কার চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদও আহত হন। তাদের দাবি, গুলি করে তাদের কাছ থেকে ৩ কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাড়িতে থাকা এরিয়া ম্যানেজার ফরহাদ মিয়া জানান, তারা নরসিংদী থেকে তিন বস্তায় ৩ কোটি টাকা নিয়ে ফিরছিলেন। পরে কর্ণপুর এলাকায় কয়েকটি মোটরসাইকেল নিয়ে তাদের গাড়ি গতিরোধ করে গুলি করে টাকা ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। এ সময় তারা প্রতিরোধ করতে গেলে ফাঁকা গুলি করে চলে যায়। গাড়ির গ্লাসও ভাংচুর করেন দুর্বৃত্তরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, ‘আহত হিমেলের কোমরে আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরে রেফার করা হয়েছে।’










