জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট থেকে ফের উৎপাদন শুরু হয়েছে। বুধবার রাত ১০টায় এ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর আগে বুধবার সকালে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকাল ৩টায় ইউনিটটি চালু করা হয়। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

তিনি জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় হলে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। সাতদিন যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। তবে চালু হওয়ার দুদিনের মাথায় ইউনিটটির বেয়ারিং ভেঙে গিয়ে ফের বন্ধ হয়ে যায় উৎপাদন। এরপর গত ৯ দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বুধবার রাত থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করে।