ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিসিডিএস ৫ম জাতীয় বিতর্ক উৎসব’। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে এ উৎসবের উদ্বোধন করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জাতীয় এ বিতর্ক উৎসবে স্কুল-কলেজ পর্যায়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও ৩২টি দল অংশ নেবে। দুই পর্যায়ে মোট ৬৪টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের বিতার্কিকরা অংশ নেবেন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও উপস্থাপনা দক্ষতা বিকাশের পাশাপাশি পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি হবে।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জিহাদ হোসাইন বলেন, ‘মত প্রকাশের শিল্পই একজন মানুষকে কেবল একজন বক্তা নয়, বরং মানুষের মধ্যে একজন শিল্পীর মর্যাদা এনে দেয়। কারণ বিতর্ক শুধু কথা বলার দক্ষতা শেখায় না, বরং এটি মানুষকে যুক্তিবাদী, সহনশীল, শ্রদ্ধাশীল ও গণতান্ত্রিক হতে শেখায়।’
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি আজিজুর রহমান পাভেল বলেন, ‘পঞ্চমবারের মতো ডিসিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে। আমরা বিশ্বাস করি, বিতর্কই এমন একটি অস্ত্র, যা সমাজের অসংগতিগুলো তুলে ধরতে পারে। ডিসিডিএস সবসময় মুক্তবুদ্ধির চর্চা করে থাকে। ৫ম জাতীয় বিতর্ক উৎসবে সকল বিতার্কিক, বিচারক ও অতিথিকে স্বাগত জানাচ্ছি।’
ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, ‘আগামীকাল শুক্রবার ও শনিবার স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল অংশগ্রহণ করবে। জাতীয় এ প্রতিযোগিতায় ঢাকা কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি উৎসবমুখর হয়ে উঠবে।’
এ আয়োজন সফল করতে অংশগ্রহণকারী সব বিতার্কিক, বিচারক, অতিথি ও সংশ্লিষ্টদের ঢাকা কলেজে স্বাগত জানিয়েছেন আয়োজকরা।










