পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘যারা দেশের উন্নয়নের জন্য কাজ করে তারাই ভালো মানুষ, তারাই জনগণের বন্ধু। আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়নে সবসময়ই কাজ করে। তাই দেশের মানুষ বারবার এ উন্নয়নের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের আলোয় ঝলমল করছে গোটা দেশ। দেশে বিদ্যুতের কোনো সংকট নেই। তবে হঠাৎ করেই বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় একটু সমস্যা হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। এ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামে-গঞ্জে রাস্তাঘাট, সেতু-কালভার্টে ভরে গেছে, যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তরিত করছে।’

গতকাল দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার আটটি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘নিরাপদ পানির কষ্ট আমি বুঝি। নিরাপদ পানির অভাব আর কলেরায় আমার আত্মীয়-স্বজন মারা গেছে। আমি নিজেও কষ্ট পেয়েছি। আর কোনো মানুষ যাতে নিরাপদ পানির অভাবে কষ্ট না পায় তার জন্য নলকূপ ও স্যানিটেশন দেয়া হচ্ছে। কাউকে কষ্টে রাখা হবে না।’ 

সভায় শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর  রহমান শাহীন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রমুখ।