ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস পালন করেছে রাজশাহী প্রেস ক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল বিকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে দিবসটি স্মরণে সমাবেশের আয়োজন করা হয়।
রাজশাহী প্রেস ক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু ও সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ নভেম্বর স্বাধীনতাযুদ্ধের সময় রাজশাহীতে স্বাধীনতাকামী ১৭ জন মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী তুলে নিয়ে গিয়ে হত্যা করে। বিজয়ের পর পর ৩১ ডিসেম্বর পদ্মাচর শ্রীরামপুর বাবলাবন থেকে তাদের রশিতে বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।










