দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা। তবে সে তুলনায় আজ শনিবার সকালে এ শহরের বাতাসের মান বেশ ভালো অবস্থানে রয়েছে। বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ২১তম।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, আজ সকাল ১০টায় মিনিটে রাজধানী ঢাকার বাতাসের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেস্ক) স্কোর ৯৮। অর্থাৎ ঢাকার বাতাস আজ রয়েছে ‘সহনীয়’ ক্যাটাগরিতে।

আইকিউএয়ার বলছে, আজ সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে রয়েছে ইসরায়েলের তেল আবিব। এ শহরের বাতাসের একিউআই স্কোর ৫০১, যা দুর্যোগপূর্ণ বলে ধরে নেয়া হয়। ২৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ, তৃতীয় ভারতের দিল্লি (২৫৩), চতুর্থ ইসরায়েলের জেরুজালেম (২০৮), পঞ্চম থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৭), ষষ্ঠ নেপালের কাঠমান্ডু (১৮১), সপ্তম চীনের বেইজিং (১৮১), অষ্টম মিশরের কায়রো (১৭৯), নবম ভিয়েতনামের হ্যানয় (১৪৯) ও দশম চীনের সেনজেন (১৩৯)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।