বান্দরবানের রুমা উপজেলা সদরের দেব বৌদ্ধবিহারে হামলা, বৌদ্ধমূর্তি ছুঁড়ে ফেলা, বুদ্ধের ছবি ছিঁড়ে ফেলাসহ বিহারের অধ্যক্ষ উঃ চাইন্দা সা রা ভিক্ষুকে হত্যাচেষ্টা মামালায় ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এ আদেশ দেন। একই সঙ্গে আজ সোমবার আসামিদের জামিন ও রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন অঞ্জন বড়ুয়া, লিটন বড়ুয়া প্রকাশ রিটন বড়ুয়া, বাপ্পারাজ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া প্রকাশ আরমান, হূদয় বড়ুয়া, অভিরাজ বড়ুয়া, মিন্টু বড়ুয়া, সজল বড়ুয়া, ছোটন বড়ুয়া, রোকন বড়ুয়া, নয়ন বড়ুয়া ও রবিন বড়ুয়া।
হামলার শিকার পলিতংপাড়া বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ হ্লা থোয়াই চিং মার্মা উঃ নাইন্দিয়া ভিক্ষুর করা মামলার এজাহারে বলা হয়, গত ৫ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে আসামিরা দেব বৌদ্ধবিহারের অধ্যক্ষকে গাল দিয়ে বিহার ত্যাগ করতে হুমকি দেয়। পরের দিন দুপুর ১২টার সময় ৪০-৪৫ জনের একটি দেশীয় অস্ত্রসজ্জিত দল নিয়ে বিহারের ভেতর প্রবেশ করে। এ সময় আসামিরা বিহারে উপস্থিত অন্য ভিক্ষু ও শ্রমণদের চীবর (বৌদ্ধ ভিক্ষুদের পরিহিত বস্ত্র) ধরে টানাহেঁচড়া ও মারধর করে। বিহারাধ্যক্ষ উঃ চাইন্দা সা রা ভিক্ষুকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরাসহ তাকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা একাধিক বৌদ্ধমূর্তি বিহারের বাইরে ছুঁড়ে ফেলা, ধর্মীয় কাজে ব্যবহূত গুরুত্বপূর্ণ সরঞ্জাম, আসবাব ভাংচুর করে ও বিহারের ভেতর টাঙানো বুদ্ধের ছবি ছিঁড়ে ফেলে। এছাড়া বিহারের দান বাক্সে জমা হওয়া আনুমানিক দুই লাখ টাকাও নিয়ে যায় তারা। এ ঘটনায় গুরুতর আহত উঃ চাইন্দা সা রা ভিক্ষু বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ হামলার ঘটনায় ২১ জন নারী-পুরুষ ও অজ্ঞাতামা ২০-২৫ জনের বিরুদ্ধে গত ৮ এপ্রিল রাতে রুমা থানায় একটি মামলা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সমীর মজুমদার গতকাল বণিক বার্তাকে বলেন, মামলার আসামিদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।










