শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের সম্পর্কের দূরত্ব কমিয়ে কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
সোমবার (২৮ অক্টোবর) ইউজিসিতে আয়োজিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণ মডিউল নিয়ে অংশীজনের কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কী চায়, তা শিক্ষকদের বোঝা উচিত। বর্তমান শিক্ষার্থীরা মেধাবী। তাদের আবেগ ও অনুভূতির প্রতি সম্মান জানাতে হবে।’ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে শিক্ষকদের সচেষ্ট থাকার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানব উন্নয়ন সূচকে অগ্রগতি আনতে এবং দক্ষ শিক্ষার্থী তৈরি করতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষার রূপান্তর ঘটাবে এবং শিক্ষার সীমাবদ্ধতা দূর করবে। এছাড়াও প্রকল্পটি সমাজের চাহিদা পূরণে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হাসান মারুফ বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য হিট প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পের অর্থের সদ্ব্যবহার এবং সরকারি বিধি-বিধান মেনে চলার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
কর্মশালায় ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ। উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া, পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিকসহ ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় দেশের ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও মনোনীত প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য আগামী নভেম্বর থেকে চার মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রশিক্ষণটি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।










