দেশে জ্বালানি তেলের হ্রাসকৃত নতুন মূল্য কার্যকর হয়েছে গতকাল রাত থেকে। জ্বালানি তেলের সঙ্গে সংগতি রেখে কমানো হয়েছে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া। কিলোমিটারপ্রতি ভাড়া কমানো হয়েছে ৩ পয়সা। 

গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাসের নতুন ভাড়া আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। এর আগে গতকাল বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত ‘‌বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি’র এক সভায় বাস ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমানোর প্রস্তাব করা হয়।

মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৪(২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলের মূল্য হ্রাস ও বর্তমান পরিচালন ব্যয়জনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করল।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের সর্বোচ্চ ভাড়া ২ টাকা ৪৫ পয়সার স্থলে ২ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হলো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাসের সর্বোচ্চ ভাড়া ২ টাকা ৩৫ পয়সার স্থলে ২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হলো। আরো বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচল করা বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ ও ৮ টাকা আগের মতোই বহাল থাকবে।