বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা এবং সৃজনশীলতার প্রত্যয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে অবস্থিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলরুমে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। ‘হৃদয়ে সাহিত্য’ হলো ‘হৃদয়ে ৮৮’-এর সাহিত্যভিত্তিক প্লাটফর্ম। এ উৎসবের গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।

উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক আহমেদ জসিম। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও লেখক ডা. সাগর খান।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন কবি-সাহিত্যিকদের বেশি করে দেশ-বিদেশের বিভিন্ন কবি ও সাহিত্যিকের লেখা পড়ার আহ্বান জানান। নজরুল, রবীন্দ্রনাথ, আল মাহমুদসহ বরেণ্য কবি-সাহিত্যিকদের সাহিত্য থেকে শিক্ষা নিয়ে তা জাতীয় জীবনে প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথি তারিক মনজুর, সামসাদ ফেরদৌসী, কবি রমজান মাহমুদ, সাহিত্যিক অমল সাহা, শামীম নূর মুন্নি বক্তব্য রাখেন।

দিনব্যাপী আয়োজনে কবিতা পাঠ, গল্প পাঠ, সাহিত্য আলোচনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং লেখক-পাঠক মতবিনিময়সহ বিভিন্ন পর্ব ছিল।