ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় এতিমখানার শিক্ষার্থীসহ দরিদ্র লোকজনের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান । 

শুক্রবার মধুখালীর নিজ গ্রাম কামালদিয়া খেলার মাঠে কামালদিয়া ও কয়েসদিয়া এতিমখানা-মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় ৫ শতাধিক স্থানীয় দরিদ্র মানুষের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন। 

এ সময় মন্ত্রী ইফতার মাহফিলে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীসহ লোকজনের মধ্যে ইফতার বিতরণ করেন। 

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, মোহাম্মদ মোর্শেদ আলম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল হক অনিক, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াসমিন, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ও বোয়ালমারী অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান ফরিদপুর জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের জেলা ও উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়নের তাগিদ দিয়ে মতবিনিময় সভা করেন।