ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে কাটা পড়ে দুই বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম মহল্লার সারোয়ার শেখের ছেলে মির্জু শেখ (৩২) এবং একই ওয়ার্ডের রায়পুর মহল্লার মৃত লুত্ফর রহমানের ছেলে জাকারিয়া মিয়া (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাইখীর বনচাকী মাদ্রাসাসংলগ্ন রেললাইনে বসেছিলেন ওই দুই যুবক। এ সময় রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়ার দিকে ‘রাজবাড়ী-ভাটিয়াপাড়া-ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি যাচ্ছিল। চালক বারবার হুইসেল দিলেও তারা লাইন থেকে না ওঠায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার সরোয়ার হোসেন বলেন, ওই দুই ব্যক্তি বাকপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল শুনতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বোয়ালমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে খবর দিয়েছে। এ ব্যাপারে তারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।










