গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা ১২টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাওহিদ ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাওহিদ রিকশাভ্যানে করে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তুষ বোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত তুষ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।