বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও শেরেবাংলা হলে ঢুকে হেলমেটধারী ছাত্রলীগ নামধারী এক গ্রুপের হামলায় প্রতিপক্ষের ১২ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ছাত্রলীগের রক্তিম-বাকি গ্রুপের। আহতদের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন ছাত্রলীগ নেতা পরিচয়ধারী মুয়ীদুর রহমান বাকি, সাইমুন ইসলাম, ইরফান হোসেন রাজ, ইবনে গালিব, রাকিবুল হোসেন রনি, সোহেল রানা ও আয়াত উল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ১১টার দিকে শান্ত-নাভিদ-শরীফ গ্রুপের নেতা মুবাশ্বির রিদমের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল হেলমেট ও মাস্ক পরে প্রথমে শেরেবাংলা হলে যায়। তারা হলে ঢুকে হলের প্রধান গেট আটকে শিক্ষার্থীদের কক্ষ বাইরে থেকে আটকে দেয়। পরে চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে কয়েকটি কক্ষ তল্লাশি করে। এরপর শেরেবাংলা এবং বঙ্গবন্ধু হলের মধ্যবর্তী মাঠ পেরিয়ে সরাসরি বঙ্গবন্ধু হলের চতুর্থ তলায় প্রবেশ করে তারা ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ বিষয়ে অভিযুক্ত মুবাশ্বির রিদমের সেলফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।