বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে তিনটি ম্রো ও ত্রিপুরা আদিবাসী পাড়ার জুম ভূমিতে অগ্নিসংযোগ, বৌদ্ধ বিহার ভাংচুর, ঝিরিতে বিষ প্রয়োগ, পাড়াবাসীদের নামে মিথ্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে একটি রাবার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। জুমচাষের বনাঞ্চল পুড়িয়ে দেয়া ও পাহাড়ি ঝিরিতে কীটনাশক ছিটানোর ঘটনায় এরই মধ্যে সংশ্লিষ্টদের আইনি ব্যবস্থা নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। আর এসব অভিযোগের প্রতিবাদে এবং নিজেদের অভিযোগ তুলে ধরে গতকাল সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, দীর্ঘদিন থেকে সরই ইউনিয়নের ক্যাজুপাড়ায় তাদের প্রতিষ্ঠান রাবার প্লান্টেশন করে আসছে। ৬৪ জন শেয়ার হোল্ডারের প্রত্যেকের ২৫ একর করে মোট ১ হাজার ৬০০ একর জমি লামা রাবার ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন। সম্প্রতি সে ভূমিতে রাবার প্লান্টেশন ছাড়াও কাজু বাদাম, আম বাগানসহ অন্যান্য ফলের বাগান করা হচ্ছে। সম্প্রতি আমাদের জায়গা দখলের জন্য তৃতীয় পক্ষের ইন্ধন ও আর্থিক সহায়তায় ট্রাইবাল পিপলদের দিয়ে পরিকল্পিতভাবে নানা কাজ করানো হচ্ছে। এর পেছনে কারা ইন্ধন ও অর্থ দিয়ে এলাকার অশান্তি সৃষ্টি করছে, এ বিষয়ে সঠিক তথ্য প্রকাশের জন্য গণমাধ্যম ও সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।










