ময়মনসিংহে জুয়া খেলতে বাধা দেয়ার জেরে ঋত্তিক হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের চকছত্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার একটি হোটেলে কাজ করতেন মিলন হোসেনের ছেলে ঋত্তিক হোসেন। চকচ্ছত্রপুর এলাকায় ঋত্তিকের বাবা মিলনের একটি টং-দোকান রয়েছে। সোমবার বিকালে মিলনের টং-দোকানের পাশে এলাকার কিছু যুবক পয়সা ঘুরিয়ে জুয়া খেলা শুরু করে। এ সময় তাদের চিত্কার-চেঁচামেচি করে খেলতে নিষেধ করেন মিলন। এ নিয়ে মিলন এবং তার দুই ছেলে নীরব রহমান শিশির ও ঋত্তিক হোসেনের সঙ্গে জুয়াড়িদের বাকবিতণ্ডা হয়। বিকাল ৫টার দিকে স্থানীয় মজু নামে এক ব্যক্তির দোকানে চা পান করতে যান ঋত্তিক। সন্ধ্যা ৬টার দিকে ঋত্তিক ফিরে আসার সময় পেছন থেকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবকরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, জুয়া খেলা নিয়ে বিরোধে বিকালে ঝগড়া হলেও তা স্থানীয়ভাবে মিটিয়ে দেয়া হয়েছে। এ ঘটনার জের ধরে পরবর্তী সময়ে ছুরিকাঘাত করা হলে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।










