পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারী। করোনাভাইরাস ঠেকানোর এখন পর্যন্ত কার্যকর কোনো উপায় বের হয়নি। ব্যক্তিগত সতর্কতা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
গতকাল বান্দরবান শহর পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে নভেল করোনাভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো এবং গরিব রোগীদের জন্য অক্সিজেন সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন।
বীর বাহাদুর আরো বলেন, ভাইরাস প্রতিরোধে সবচেয়ে বড় প্রতিষেধক হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বনের মাধ্যমে নিজেকে জীবাণুমুক্ত রাখা। বর্তমান পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। করোনাকালীন প্রথম থেকে বান্দরবান পৌরসভা জীবাণুনাশক ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতায় যে গুরুত্ব দিয়েছে তা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সারোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।










