নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার পূর্বাচল, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লায় আরো নয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নাটোর: সিংড়া থেকে গতকাল ইজিবাইকে করে হোসনে আরা (৪৫), ইমরান হোসেন (২২) ও মো. রাব্বীসহ (১৮) কয়েকজন বগুড়ার রানীরহাটে যাচ্ছিলেন। দুর্গাপুর সেতু থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা তিনজন মারা যান। আহত হাবিবুরকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত তিন যাত্রী একে অন্যের স্বজন।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, ‘ট্রাকের চালক ও সহকারীকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ ট্রাকটিও জব্দ করে।
সিলেট: হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যান উল্টে জহুর মিয়া (৫৫) ও নুরুল আমিন (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের শেওড়াতুলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুহর মিয়া উপজেলার হিলালপুর গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে এবং মিজান মিয়া মৃত মোস্তফা মিয়ার ছেলে।
মুন্সিগঞ্জ : সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শাজাহান শেখের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, মোটরসাইকেলটিকে নিমতলায় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
ঢাকা: পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় কফিল উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। কফিল উদ্দিন প্রাণ এগ্রো লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) পদে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পর কফিল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে আসেন সহকর্মী আরিফ মেহেদী। তিনি বলেন, ‘কালীগঞ্জে একটি প্রকল্প পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাদের। বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ৩০০ ফিট এসে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন কফিল উদ্দিন। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ: কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। গতকাল ভোরে ভাটিয়াপাড়া ও ধূসরে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক সোহাগ মোল্লা (২৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় একই পরিবারের চার যাত্রী আহত হন। সোহাগ মোল্লা নড়াইলের লোহাগাড়া উপজেলার রায় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
এছাড়া ধূসরে বাসের ধাক্কায় কুদ্দুছ মোল্লা (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে।
ময়মনসিংহ: তারাকান্দায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন উপজেলার পঙ্গুয়াইর মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম (৪০), অন্যজন ধোবাউড়ার মোশাররফ (২১)। সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
কুমিল্লা: নাঙ্গলকোটে ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া বেপারীবাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন ভূঁইয়া (১১) গোহারুয়া গ্রামের জামাল ভূঁইয়ার ছেলে। রবিন মানিকমুড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।










