কুষ্টিয়ায় মা ও ছেলেসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার আসামি পুলিশের বরখাস্ত এএসআই সৌমেন রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সোমবার শেষ কার্য মুহূর্তে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ শেখ
আবু তাহের ফৌজদারি কার্যবিধির ২৬৫ (ঘ) ধারায় তার তিন খুনের অপরাধ পড়ে শোনান। সৌমেন নিজেকে নির্দোষ দাবি করার পর আদালত তার বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন।
গত বছরের ১৩ জুন দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে কথিত স্ত্রী ও তার ছয় বছর বয়সী শিশুসহ তিনজনকে সরকারি পিস্তল দিয়ে গুলি করে হত্যা করেন এএসআই সৌমেন। ঘটনার পর থেকে তিনি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
গুলিতে নিহতরা হলেন আসমা খাতুন (৩০) ও তার ছেলে রবিন (৬) এবং আসমার বন্ধু শাকিল (৩৫)। এদের মধ্যে আসমা ও তার ছেলে
কুমারখালী নাটুরিয়া গ্রামের বাসিন্দা ও শাকিল সাওতা গ্রামের বাসিন্দা। তারা কুষ্টিয়া শহরে বসবাস করতেন। শাকিল বিকাশের এজেন্ট হিসেবে কাজ করতেন।
হত্যাকাণ্ডের পর নিহত শাকিল হোসেনের বাবা মেজবার রহমান কুষ্টিয়া মডেল থানায়
মামলা করেন।
এএসআই সৌমেন রায় খুলনার ফুলতলা থানায় কর্মরত ছিলেন। বাড়ি মাগুরা জেলায়। একসময় কুষ্টিয়ার কুমারখালী থানায় কর্মরত ছিলেন তিনি। কুমারখালী থানায় থাকাকালীন ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়ান সৌমেন। পরে তাকে বিয়ে করেন বলে দাবি আসমার পরিবারের।










